জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কোন দেশের হস্তক্ষেপ প্রত্যাশা করে না বাংলাদেশ। এসময় তিনি দেশে সন্ত্রাসবাদের প্রতি কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ড. খলিলুর রহমানের এই দিল্লি সফর গুরুত্বপূর্ণ এক সময়ে হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার বিষয়ে আলোচনা করতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার ভারত সফর।