পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ আরও একদিন বাড়িয়ে মোট ৭ দিন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চও ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঘরমুখী মানুষের যাত্রা আরও নির্বিঘ্ন হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
পূর্বঘোষিত ছুটির তালিকায় এবার বড় পরিবর্তন এল। ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৭ মার্চ ছিল শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা থাকায় ছুটির মাঝে একদিনের গ্যাপ ছিল।
মন্ত্রিসভা আজ ১৮ মার্চকেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি নিশ্চিত হলো। ঈদযাত্রা সহজ করতে এবং যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পর্যটন ও যাতায়াত ব্যবস্থায় স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।