সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের একসময়ের সাধারণ কাউন্সিলর আরিফুল হক চৌধুরী এখন দেশের পূর্ণমন্ত্রী। দুই মেয়াদে সিলেটের সফল মেয়রের দায়িত্ব পালনের পর এবার তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক জীবন রূপকথার মতো। ২০০৩ সালে কাউন্সিলর হিসেবে শুরু করে তিনি সিলেটের প্রভাবশালী নেতা এম সাইফুর রহমানের আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১৩ এবং ২০১৮ সালে টানা দুইবার জনপ্রিয় নেতা বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়ে দেশজুড়ে চমক সৃষ্টি করেন। নগরীর রাস্তা সম্প্রসারণ ও খাল উদ্ধারের মতো সাহসী পদক্ষেপ তাকে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে সিলেট-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের প্রচারণায় ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন।
জামায়াতের শক্তিশালী প্রার্থীকে ১ লাখ ১৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে তিনি প্রমাণ করেন সিলেটের রাজনীতিতে তার জনসমর্থন কতটা সুদৃঢ়। ১৯৫৯ সালে জন্মগ্রহণ করা এই তুখোড় রাজনীতিবিদ ছাত্রদলের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে তিনি এই সাফল্যের কৃতিত্ব দল এবং জনগণের ভালোবাসাকে দিয়েছেন।