মুনাফা কর্তনের প্রতিবাদ ও পাওনা আদায়সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।
বৃহস্পতিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই আন্দোলন চলাকালে পুলিশ ওয়াটারগান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী আমানতকারীদের প্রধান অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের গত দুই বছরের লভ্যাংশ কমিয়ে মাত্র ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা তারা 'অমানবিক' বলে দাবি করছেন। তারা জানান, গত দুই বছর ধরে মূলধন ও মুনাফা তুলতে না পেরে হাজার হাজার আমানতকারী চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
বিক্ষোভকারীরা তাদের তিন দফা দাবিতে বলেন, চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সব টাকা দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া অন্যান্য তফসিলি ব্যাংকের মতো লেনদেন স্বাভাবিক করা এবং মেয়াদোত্তীর্ণ এফডিআর ও ডিপিএসের টাকা সময়মতো পরিশোধের দাবি জানান তারা। পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পণ্ড হলেও আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি না মানলে আগামী ১২ মার্চ তারা কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করবেন।