সরকারি চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে এই রদবদল আনা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। এছাড়াও, একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তাঁকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নতুন মহাপরিচালক হয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস এ বি এম মাহবুব আলম; তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়াও, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিনকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমান গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন।