মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তায় কখনও অর্থ দাবি করা হচ্ছে, আবার কখনও বিভিন্ন ধরনের তদবির বা ব্যক্তিগত সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারকরা একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি বা নাম ব্যবহার করা হয়েছে মানেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি ধরে নেওয়া যাবে না। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো বার্তার জবাব না দেওয়া, অর্থ লেনদেন না করা এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কেউ এ ধরনের সন্দেহজনক বার্তা পান, তাহলে দ্রুত বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। এ ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অপরিচিত নম্বর বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তায় সাড়া দেওয়ার আগে অবশ্যই পরিচয় যাচাই করা উচিত।