সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রোধে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে মোট ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচি এবং সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মোট ১৪ প্লাটুন বিজিবির মধ্যে রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ১৩ নভেম্বরকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকায় 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি এবং এর আগে রাজধানী ও আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মোতায়েন বলবৎ থাকবে।