আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের পাঠানো আরও ৮২ হাজার ৫৭৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীরা এই ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের হার ক্রমশ বাড়ছে। গত মঙ্গলবার প্রায় ৩ লাখ ব্যালট আসার পর আজ নতুন করে আরও বড় একটি চালান এসে পৌঁছাল। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ৫ লাখ ২৬ হাজারেরও বেশি প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বড় একটি অংশ (৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন) নিজ নিজ দেশের ডাক বিভাগে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট হাতে পেয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালটের ব্যাপক চাহিদা দেখা গেছে। এখন পর্যন্ত দেশের ভেতর ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ইতোমধ্যে তাদের ভোট সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।