রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং স্বল্প খরচে উন্নত সেবা নিশ্চিত করতে যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১৮০ দিনের মধ্যে নারীদের জন্য বিশেষ বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যানজট নিরসনে মনোরেল ও দ্রুতগতির ট্রেন চালুর মাধ্যমে ঢাকাকে বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে রাজধানীর পরিবহন খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক শামসুল হক জানান, নারী যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার দ্রুততম সময়ে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।
বৈঠকে মেট্রোরেলের পাশাপাশি জনবহুল ও নিচু এলাকাগুলোতে ‘মনোরেল’ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর ওপর থেকে জনসংখ্যার চাপ কমাতে দ্রুতগতির ট্রেন চালুর মাধ্যমে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও আধুনিক সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।