ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিটি মামলায় তাঁকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অন্য একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্লট দুর্নীতির তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই মামলাগুলোর মধ্যে একটিতে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অন্য একটি মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে তিন মামলায় মোট ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই তিন মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং রাজউক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের আরও ২০ জন কর্মকর্তা ও সাবেক কর্মকর্তাকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে গ্রেপ্তার আছেন।
উল্লেখ্য, একই আদালত প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২৩ নভেম্বর এই তিন মামলার রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। তিনটি পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ জন হলেও, ব্যক্তি হিসেবে মোট আসামির সংখ্যা ২৩ জন। গত ৩১ জুলাই আদালত তিনটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারকাজ চলাকালে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এই তিনটি মামলা জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা ছয়টি মামলার অংশ।