আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ করতে হেলিকপ্টার, পরিবহন বিমান ও ড্রোন (ইউএভি) মোতায়েন করছে বাংলাদেশ বিমানবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই ঘোষণা দিয়ে সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশ দেন। নির্বাচনী দায়িত্ব পালনে বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবেন।
রাজধানীর ঘাঁটি বাশারে মাঠপর্যায়ে নিয়োজিত বিমানবাহিনী সদস্যদের দিকনির্দেশনা দেওয়ার সময় এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এসব তথ্য জানান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবাহিনীর আকাশযানগুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিমানবাহিনীর ১ হাজার ২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে মোতায়েন থাকবেন। তারা মূলত ২১টি জেলার ৩৫টি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। বিমানবাহিনী প্রধান নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে বেসামরিক প্রশাসনকে সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।