নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন শেষে তিনি জানান, দৃশ্যমান কোনো সমস্যা ছাড়াই ছোট-বড় সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের শিববাড়ি মন্দির ও বিভিন্ন মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বেশ ভালো রয়েছে। যদিও কেউ কেউ সমান সুযোগ নিয়ে প্রশ্ন তুলছেন, তবে মাঠ পর্যায়ে সকল দলের জন্য সমান সুযোগ বিদ্যমান এবং এমন কোনো ঘটনা ঘটেনি যা এই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান। শফিকুল আলম বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে এবং মানুষের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখতেই এই গণভোট।
এছাড়া মাজার ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে উপস্থিত ছিলেন।