ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় শুরু হচ্ছে। আজকের অধিবেশনের মূল আকর্ষণ ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবের ওপর এই আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রশ্নোত্তর পর্বে বেশ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজকের কার্যসূচিতে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দিন ধার্য করা হয়েছে। এর আগে ২৯ মার্চ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৬২ বিধিতে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
অধিবেশনের শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, কৃষি, ভূমি, প্রতিরক্ষা, মুক্তিযুদ্ধ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়া ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপরও আলোচনা চলবে। আজকের অধিবেশনে সংবিধান সংস্কারের প্রাথমিক রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।