সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ চলছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ এ বিষয়টি সরাসরি তদারকি করলেও সরকার সারাদেশের জন্য একটি সমন্বিত নির্দেশনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সেই নীতিমালার আলোকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, ব্যাটারিচালিত রিকশা পরিবেশবান্ধব হলেও অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধি, অদক্ষ চালক, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা এবং লাইসেন্সবিহীন পরিচালনার কারণে রাজধানীতে যানজট, দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
তিনি প্রস্তাব দেন, এসব যানবাহন বন্ধ না করে মানোন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, নিবন্ধন এবং একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত।
সরকার জানিয়েছে, পরিবেশবান্ধব ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ চলছে।