নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারিখ স্পষ্ট না করলেও ইসি সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে এমন তথ্য মিলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে একই দিনে গণভোট যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে ইসিকে।
গণভোট ও সংসদীয় আসনের সীমানা জটিলতা না কাটায় প্রভাব ফেলতে পারে তফসিল ঘোষণায়। তবে ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা না হলেও প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। ইসিও সেটা চায়।
চলতি (২০২৫-২৬) অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচনি বছর উপলক্ষে সংশোধিত বাজেটে আরও ৪২৯ কোটি টাকা চেয়েছে ইসি। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দুটি প্রকল্পের আওতায় এই বরাদ্দ চায় তারা।
প্রকল্প দুটির মধ্যে একটি হলো– ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্প’। আরেকটি হলো ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প’। দুটির মধ্যে দ্বিতীয়টি নতুন প্রকল্প। এমন একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে দিয়েছে ইসি সচিবালয়। প্রকল্প দুটির মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দান সিস্টেম উন্নয়ন এবং নাগরিকদের জন্য পরিচয়পত্র প্রদানে সেবার মান উন্নত করা হবে।