চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ সংঘর্ষে প্রাণ হারানো প্রত্যেক যাত্রীর পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শন শেষে তিনি এই সহায়তার কথা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন আজ সদরঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, নদীপথকে নিরাপদ মনে করা হলেও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন যে, চালকের অবহেলা বা অদক্ষ কেউ লঞ্চ চালানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।
নৌপথের নিরাপত্তা নিশ্চিতে তিনি বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন থেকে ঘন কুয়াশার মধ্যে রাতে লঞ্চ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং রাতে নোঙর করা অবস্থায় প্রতিটি জলযানকে অবশ্যই লাইট ব্যবহার করতে হবে। এছাড়া শীত মৌসুমে সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি সতর্ক করেন যে, এসব নিয়ম অমান্য করলে রুট পারমিট ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘অ্যাডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে ভোলার বাসিন্দা চারজন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুল গনি, মো. সাজু, মো. হানিফ ও মোসা. রিনা। সরকারের পক্ষ থেকে এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।