এন রায় রাজা: আজ শুভ বড়দিন। আজ ২৫ ডিসেম্বর সারা বিশ্বের সঙ্গে সারা দেশে ও খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটি সবচেয়ে পবিত্র দিন ও উৎসব হিসেবে পালন করে থাকেন। খ্রিস্টধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টধর্মানুসারীরা আজ বৃহষ্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন করেন। গির্জায় গির্জায় হবে বিশেষ প্রার্থনা। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারে মেতে উঠবে শিশুরা। বড়দিনের উৎসব উদ্যাপনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলো প্রস্তুত। তাদের ঘর ক্রিসমাস ট্রি, রঙিন বাতি এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রিয়জনের জন্য বানানো হয়েছে বিশেষ কেক, বাহারি পিঠাসহ সুস্বাদু খাবার।
বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো বর্ণিল আলোয় সজ্জ্বিত হয়েছে। তেজগাঁও চার্চের ফাদার জয়ন্ত এস. গমেজ গতকাল বুধবার বিকালে বলেন, বুধবার মধ্যরাতে খ্রিস্টযাগ, প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব-আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাজে যারা দলিত, অবহেলিত, বঞ্চিত, ক্ষমতাহীন ও দরিদ্র তাদের যিশুখ্রিস্ট অগ্রাধিকার ভিত্তিতে ভালোবেসেছেন। এসব মানুষের হারানো সামাজিক মর্যাদা ও নাগরিক অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। সম্প্রীতির মাধ্যমে যিশু চেয়েছেন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক। জাতিতে-জাতিতে হিংসা, বিরোধ ও যুদ্ধ না থাকুক।
এজন্য তিনি শান্তির ডাক দিয়েছেন। তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন সবার ওপর মানুষ সত্য।
বড়দিন উপলক্ষে ঢাকা মহানগরীতে সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া বড়দিন উপলক্ষে সারা দেশে বিশেষ করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলোতে চলছে নানান আনন্দ আয়োজন। নগরীর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার পাবলিক রিলেশন ম্যানেজার তুহিনূর সুলতানা বলেন, ‘বড়দিনে দ্য ওয়েস্টিন ঢাকায় বিশেষ ক্রিসমাস কিডস পার্টির আয়োজন করা হয়েছে। ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ পার্টি হবে। এতে শিশুরা ইন্টার্যাকটিভ খেলা, লাইভ বিনোদন ও মৌসুমি আনন্দের মধ্য দিয়ে ক্রিসমাসের জাদুতে মেতে উঠবে। আরও থাকবে ম্যাজিক শো ও পাপেট শো। এ ছাড়া থাকবে রিং টস, টিক ট্যাক টো, ইগলু হাউস, জাম্পিং ক্যাসল, মিনি ট্রেন, ফটো বুথ ও বল হাউসের আয়োজন। বড়দিনে ওয়েস্টিনে শিশুদের কথা বিবেচনায় ক্রিসমাস থিমযুক্ত স্ন্যাকস ও পানীয় থাকবে।
অন্যদিকে নগরীর আরেক তারকা হোটেল শেরাটনে বড়দিন উপলক্ষে শিশু ও বড়দের জন্য দিনব্যাপী নানান আয়োজন থাকছে। এতে থাকছে সান্তা ক্লজ, ইনডোর গেমস, রাইড, স্টল, জাম্পিং ক্যাসল, বল হাউস, ম্যাজিক ও পাপেট শো। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন। হোটেলটির গ্র্যান্ড বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বড় দিনে শুধু খ্রিস্টধর্মানুসারীরা নন দেশের ও বিশ্বের সব সম্পদায়ের মানুষ উৎসবে মেতে ওঠেন।