আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠপর্যায়ের পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া দ্রুত শুরু হতে যাচ্ছে। তবে (ইনিশিয়াল) পরিকল্পনার চেয়ে ক্যামেরার সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সকল স্থানে দেওয়া সম্ভব না হওয়ায় শুধুমাত্র স্পর্শকাতর এলাকাগুলোতে ব্যবহারের জন্য যুক্তিযুক্ত সংখ্যায় এই ক্যামেরাগুলো কেনা হবে। ক্যামেরা কেনার প্রস্তাব আগামী সপ্তাহেই আসতে পারে বলেও জানান তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বডি ক্যামেরা ক্রয় নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, আগে ৪০ হাজার ক্যামেরা কেনার কথা থাকলেও লজিস্টিক ও তদারকিজনিত কারণে এই সংখ্যা কমানো হবে। তবে ঠিক কতটি ক্যামেরা কেনা হবে, সেই সংখ্যা তিনি নির্দিষ্ট করে বলেননি।
তিনি জানান, যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেশি, সেখানেই বডি ক্যামেরা ব্যবহারের জন্য সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ক্যামেরাগুলো কেনা হবে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, শিগগিরই, হয়তো পরের সপ্তাহেই, ক্যামেরা কেনার প্রস্তাব সরকারের কাছে জমা পড়বে।