ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়ার রায় প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতার অপব্যবহার মোকাবিলার যেকোনো প্রচেষ্টায় অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে চলতে হবে এবং আইনগত প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. রুডিগার লোটৎস বলেন, যখন আইনি বিষয়টি আসে, তখন সেটিকে আইনিভাবেই মোকাবিলা করা দরকার। অতীতে যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে আইনিভাবে লড়াই করা উচিত। তিনি মনে করেন, এ ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর যেকোনো দেশের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত আরও মন্তব্য করেন যে, বিগত সরকারের প্রতিনিধিত্ব যারা করেছে, তারা এখনো স্বীকার করছে না, তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল।
১৯৭৫ সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে জার্মানি রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। পঁচাত্তরের মতো এখন শেখ হাসিনাকে জার্মানি আশ্রয় দেবে কিনা—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ঘটনা অনেক পুরোনো এবং এটি যে আবারও ঘটবে, তা আলোচনার ওপর নির্ভর করছে। তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করার অবস্থানে নেই বলেও জানান।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে ভারতে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।