রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প পথ ও ব্যবস্থা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর স্কুলগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সৃষ্ট ভোগান্তি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। উদাহরণ হিসেবে দেখা গেছে, কোনো স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি গাড়ি জড়ো হওয়ায় এলাকায় অচলাবস্থা তৈরি হয়। প্রধানমন্ত্রী এই সংস্কৃতি বদলে বিকল্প ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সরকার শীঘ্রই নতুন কোনো নীতিমালা ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।