সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবশ্যই দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২ জানুয়ারি) মাগুরার নিতাই গৌর সেবাশ্রমে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও বিগত সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেন।
মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ চিন্ময় আনন্দ দাসের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শফিকুল আলম। তিনি সাফ জানিয়ে দেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে একদিন না একদিন দেশে ফিরতেই হবে এবং তাদের কৃতকর্মের বিচার হবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিব বলেন, "সারা দেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শহর ও গ্রামে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।" আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল যখন সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর অস্ত্র তুলে নেয়, তখন তারা নিজেরাই নিজেদের অযোগ্য (ডিসকোয়ালিফাইড) করে তোলে। জনগণ এমন দলকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।
শফিকুল আলম আরও অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম চালানো হয়েছে। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।
বক্তব্যের শেষ দিকে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
পরিদর্শনকালে মাগুরার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সেবাশ্রমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।