ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি এই হত্যাকাণ্ডকে 'জঘন্য অপরাধ' হিসেবে বর্ণনা করেছে। হামাস জানিয়েছে, এই নগ্ন আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে, তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটন ও তেল আবিবকেই নিতে হবে।
দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, হামাস কৃতজ্ঞতার সঙ্গে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামে খামেনির দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সমর্থনের কথা স্মরণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, খামেনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। ইরানের সার্বভৌমত্বের ওপর এই আঘাতের সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করেছে গোষ্ঠীটি।
একই সঙ্গে হামাস বিশ্বের মুসলিম ও আরব দেশগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, ইরানের ওপর এই হামলার প্রেক্ষাপটে চুপ থাকা হবে ঐতিহাসিক ভুল। তারা মুসলিম উম্মাহকে অবিলম্বে রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে। হামাসের মতে, বর্তমান পরিস্থিতিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া প্রতিটি মুসলিম রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।