বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ছাত্রশিবির এমন এক সত্তা যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিসর্জন দিয়েছে। তাদের আদর্শিক লড়াইকে রুখতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫’-এ বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ছাত্রশিবির হলো দুঃসাহসী ও নির্ভীক বিজয়ী বীরদের কাফেলা। দীর্ঘ কালো অধ্যায় এবং অসংখ্য নেতাকর্মীর শাহাদাতের বিনিময়ে আজ এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে জাতি।
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ দীর্ঘদিন ধরে রগকাটা বা গুপ্ত সংগঠনের তকমা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সত্য প্রকাশিত হয়েছে এবং দেশের ছাত্রসমাজ সেই সব মিথ্যাচার প্রত্যাখ্যান করেছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, তাদের ফাঁসি, রিমান্ড বা আয়নাঘরের ভয় দেখিয়ে দমানো সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যখন জাতিকে ঐক্যবদ্ধ করার সময়, ঠিক তখনই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আধিপত্যবাদবিরোধী এই সংগ্রামকে নসাৎ করতে যারা বিভান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। নতুন বাংলাদেশ গঠনে পুরো জাতি ছাত্রশিবিরের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।