গাজীপুরের টঙ্গী থেকে তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এই তরুণীর বিরুদ্ধে মামলা বাণিজ্য, অপহরণ ও ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের টঙ্গী এলাকায় তার নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সক্রিয় থাকার সুযোগ নিয়ে তাহরিমা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করতেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তাহরিমা ও তার চক্রটি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে পরে তাদের ব্ল্যাকমেইল করত। এভাবে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ আনা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।