বর্তমান রাষ্ট্রপতির নীতিগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা রাষ্ট্রপতিকে ভাষণ দিতে নিষেধ করলেও তা শোনা হয়নি। জনগণের স্বার্থে সংসদে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করার পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিক্ষোভ ও স্লোগান দিয়ে কক্ষ ত্যাগ করেন। ডা. শফিকুর রহমান জানান, গত দেড় বছর ধরে তারা এই রাষ্ট্রপতির বৈধতা অস্বীকার করে আসছেন। স্পিকার ও সরকারি দলকে অনুরোধ করা সত্ত্বেও রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়ানোর প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন।
সাংবাদিকদের সামনে জামায়াত আমির আরও বলেন, "এই সংসদ কারও একার নয়, ১৮ কোটি মানুষের সংসদ।" জনগণের অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান। এর আগে সংসদ কক্ষে বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন এবং রাষ্ট্রপতির উপস্থিতিতেই কড়া প্রতিবাদ ও স্লোগান দেন।