দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
লন্ডন থেকে দীর্ঘ সময় পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি (বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা। তবে সবার নজর কাড়ে একটি আবেগঘন মুহূর্ত; যখন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। টেলিভিশন ফুটেজে এই বিশেষ দৃশ্যটি ধরা পড়ে।
এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বেলা ১১টা ১৩ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।