কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা হারানোর পর নতুন সমীকরণ তৈরি হয়েছে। মুন্সীর অনুসারীরা একজোট হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের 'ট্রাক' প্রতীকে সমর্থন দেওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন নাগরিক কমিটির হাসনাত আবদুল্লাহ। নির্বাচনের মাত্র সাত দিন আগে দেবীদ্বারের ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে। উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী এখন জসিম উদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে বৈঠকের পর মুন্সী ও তার বিশাল ভোটব্যাংক 'ট্রাক' প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস হাসনাত আবদুল্লাহর ‘শাপলাকলি’ প্রতীকের পাশে দাঁড়ালেও বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ জসিমের পক্ষে সক্রিয় হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে হাসনাত শিবিরের। ১২ ফেব্রুয়ারির ভোটে এখন এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।