নিজস্ব প্রতিবেদক: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহসহ এ পযর্ন্ত ৩৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে ঋণ খেলাপীর অভিযোগ ছিল মান্নার বিরুদ্ধে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিলের এ ঘোষণা দেন।
তিনি জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার পরামর্শ প্রদান করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বাতিল করা হয়েছে- গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিভিন্ন আসনে যাচাই-বাছাইয়ে মোট ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের কথা জানা গেছে। এর মধ্যে বিএনপির পাঁচ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির চারজন, জামায়াতে ইসলামী মনোনীত একজন, এনসিপির একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, খেলাফত মজলিশের একজন, গণসংহতি আন্দোলনের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকিরা সবাই স্বতন্ত্র প্রার্থী।