নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান হোসেনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জারিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পূর্বধলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আনিছুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সোলায়মান হোসেন জারিয়া ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে চাপ দিচ্ছিলেন এবং হুমকি প্রদান করছিলেন। সেনাবাহিনীর একটি টহল দল বিষয়টি প্রত্যক্ষ করার পরপরই তাঁকে আটক করে।
এদিকে নেত্রকোনার ৫টি আসনের ৬৭৬টি কেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। জেলায় মোট ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন ভোটার রয়েছেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।