নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ এবং বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার দাবিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগরীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের অভিযোগ, অন্তত ৩০টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফল শিটে কারচুপির ঘটনা ঘটেছে।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের ফলাফল শিটে ঘষামাজা এবং ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। এই অনিয়মগুলোর প্রতিকার এবং দেশজুড়ে চলা রাজনৈতিক সংঘাত বন্ধের দাবিতেই সোমবার বিকেলে রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করবে এই জোট।
জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে আসনগুলোতে ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে অবিলম্বে ভোট পুনর্গণনা করতে হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জায়গায় সহিংসতা ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেই তারা এই রাজপথের আন্দোলনের ডাক দিয়েছে।