সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার আদর্শ মেনে বেগম জিয়াও গণমানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার বিকেলে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমিক শ্রেণি। আর বেগম খালেদা জিয়া সবসময়ই এই শ্রমজীবী মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছেন।
নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমজীবী হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন। বেগম জিয়াও তাঁর সেই উত্তরাধিকার বহন করে মেহনতি মানুষের কল্যাণে আমৃত্যু নিবেদিত ছিলেন।
এ সময় তিনি জিয়া পরিবার ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। নজরুল ইসলাম খান আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার শক্তি যেন আল্লাহ তাদের দান করেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।