বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক মা।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিক বা মানসিক হতাশা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে ওই নারী তাঁর স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঠিক কী কারণে মা এমন মর্মান্তিক পথ বেছে নিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।