নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেওয়ার পরপরই তিনি জেলা বিএনপি সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে যান এবং নির্বাচনের মাঠে নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে লড়াই করবেন জোনায়েদ সাকি। শনিবার দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে জোনায়েদ সাকি সরাসরি ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটের বাসায়। সেখানে তিনি উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনি মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার সমর্থন ও সহযোগিতা চান।
উল্লেখ্য, জোনায়েদ সাকি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বাঞ্ছারামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনে বিএনপির কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন, যাদের মনোনয়নপত্রও আজ বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনি লড়াইয়ে জোটের সংহতি বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।