যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়, তার প্রমাণ শেখ হাসিনা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু খালেদা জিয়া রাজনীতি করেছেন দেশের কোটি কোটি মানুষের জন্য। তিনি পালিয়ে যাননি।
বুধবার ( ৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়। গত বছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু খালেদা জিয়া রাজনীতি করেছেন দেশের কোটি কোটি মানুষের জন্য। তিনি পালিয়ে যাননি।
মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছিল। কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
মঈন খান আরও বলেন, রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে।