আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে দেশে আতঙ্কহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নির্বাচন নস্যাৎ করার উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ ধরনের গুপ্ত হামলা চালাচ্ছে।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ের সামনে একদল হামলাকারী গুলি চালালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর একটি অশুভ চক্র দেশকে আবারও অস্থিতিশীল করতে চাচ্ছে।
বিবৃতিতে ফখরুল আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি মহল জনমনে ভয় সৃষ্টি করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দেশের মানুষের জানমাল রক্ষা এবং ভোটাধিকার পুনরুদ্ধারে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।