ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্যেও তিনটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় নির্বাচনি ঐক্য জোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি।
বিকেলে সিইসি’র সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি অভিযোগ করেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ এবং পটুয়াখালী-১ আসনের বেশ কিছু কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এবং সেখানে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। জোটের পক্ষ থেকে এসব আসনের বিতর্কিত কেন্দ্রগুলোর ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিব অবশ্য জানিয়েছেন, জামায়াত জোটের এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যদিও সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে, তবুও এই তিনটি আসনের সুনির্দিষ্ট অভিযোগগুলোর সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার মতো ২১টি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগও কমিশনে জমা দেওয়া হয়েছিল।