নির্বাচন এলেই যারা সক্রিয় হয় কিন্তু সারা বছর জনগণের পাশে থাকে না, সেই ‘বসন্তের কোকিলদের’ এবার মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠের জনসভাস্থল পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে সারজিস আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন যে, কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা নির্বাচনের মাত্র এক মাস আগে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে আসেন, কিন্তু বাকি চার বছর ১১ মাস তাদের আর খুঁজে পাওয়া যায় না।
তিনি আরও বলেন, অতীতে সাধারণ মানুষ যাদের কাছে নির্যাতিত ও জুলুমের শিকার হয়েছে এবং যারা কেবল ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের উপযুক্ত জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে। পঞ্চগড়ের মানুষ এবার সত্যিকারের জনসেবকদের বেছে নিয়ে পরিবর্তনের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।