কক্সবাজারে জমি দখলকে কেন্দ্র করে জাফর আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই মামলায় একজনকে দেড় বছরের জেল ও অন্য একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালের ২৬ ডিসেম্বর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ভুক্তভোগী জাফর আলম আসামিদের ভূমি দখলে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিতরা হলেন—নুরুল ইসলাম (৮০), সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও আশরাফুজ্জামান (৪৫)। এছাড়া ফরিদুল হক সোনা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মনজুরুল ইসলাম নামে এক ব্যক্তি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন। বিচার চলাকালে মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।