কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— ২ বছর বয়সী শাহবাব মণ্ডল এবং ৩ বছর বয়সী আবু ত্বহা মণ্ডল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর শিশুদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু দুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা প্রতিবেশী উমর আলীর পুকুরের গভীর পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয় এবং দ্রুত রৌমারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শাহবাব মণ্ডল ধনারচর নতুন গ্রামের শাহজাহানের ছেলে এবং আবু ত্বহা মণ্ডল আবু তালেবের ছেলে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।