চট্টগ্রাম নগরীতে ভোরের নিরবতায় সংঘটিত এক দুঃসাহসিক স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রায় ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ছিনতাইয়ের মাত্র কয়েক দিনের মধ্যেই পুলিশি অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। একজন স্বর্ণ ব্যবসায়ী ৩৫ পিস স্বর্ণের বার (ওজন প্রায় ৩৫০ ভরি) নিয়ে অক্সিজেন এলাকার উদ্দেশ্যে রওনা হলে নগরীর আতুরার ডিপো এলাকায় পৌছালে দুটি মোটরসাইকেল করে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী তার গতি রোধ করে। ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা নং–০১(৫)/২৬ দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করে।
মামলা রুজুর পরপরই পাঁচলাইশ থানা পুলিশের একটি বিশেষ টিম ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। এসব অভিযানে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২৯ পিস স্বর্ণের বার (ওজন প্রায় ২৯০ ভরি) উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এই ঘটনায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশি তৎপরতায় চট্টগ্রামে বড় ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার প্রমাণ মিলেছে।
এম আর মিলন/রাজধানী