চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করা হয়। নিহত শিমুল একই এলাকার ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে শিমুল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তাঁকে খুঁজে পাননি। শনিবার সকালে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বা এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।