নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় একটি বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় বিথী আক্তার নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জলঢাকা উপজেলার কালকেওট কাজিপাড়া এলাকার বাবুল কাজীর মেয়ে বিথী প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল। মীরগঞ্জ ইউনিয়নের টেংগনমারী-মীরগঞ্জ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটকে ফেলে। খবর পেয়ে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সড়কটিতে ভারী যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অবিলম্বে দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। যথাযথ তদারকি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাশেদুল ইসলাম/রাজধানী