নোয়াখালী সদর উপজেলায় অভিনব কায়দায় জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচারকালে ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের খন্দকার মসজিদ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের একটি অটো সার্ভিসিং সেন্টারের সামনে ইসমাইলকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা। প্রাথমিকভাবে তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও পরে তার পরনের প্লাস্টিকের জুতার ভেতর থেকে দুটি পলি প্যাকেটে মোড়ানো ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেন ওই ইউনিয়নের রামহরি তালুক গ্রামের বাসিন্দা। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এমন অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।