বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া কচুয়ায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী এবং সদরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শরণখোলার সাউথখালী ইউনিয়নে ভোট চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের ১৫ জন এবং বিএনপির ৪ জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, কচুয়া উপজেলার বিছট কেন্দ্রের পাশ থেকে রামদাসহ নাহিদ নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। পাশাপাশি সদর উপজেলার হাড়িখালী এলাকায় একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে হাসুয়া, করাত ও হাতুড়িসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচনী সহিংসতা রোধে প্রশাসন 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে।