পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিনা ভোটে পাস করার কোনো সুযোগ নেই; নির্বাচন হবে আদর্শ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সরকার কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন।
শনিবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন কেবল দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এর ব্যাপক প্রভাব রয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, এবারের নির্বাচন হবে আদর্শ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর অবস্থানে যাবে। নির্বাচন হেরে যাবে বুঝে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং কাউকে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, চীনের সহযোগিতায় নীলফামারিতে এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক রেফারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এর জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। একই সঙ্গে রংপুর শিশু হাসপাতাল চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত করেন, রংপুর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।