মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, দুষ্কৃতিকারীরা কেন্দ্রের পাশের একটি খোলা মাঠে ককটেলগুলো ফাটিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।
তবে চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে সহিংসতার আশঙ্কায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকাগুলোতে টহল জোরদার করেছে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন। এখন পর্যন্ত কোনো বড় ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।