চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা নিঝুম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে পদুয়া এস.আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম আমিরাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য জসিম উদ্দিন নামে এক বেপারী গরু নিয়ে আসেন। গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখার সময় হঠাৎ গরুটি রশি ছিঁড়ে ছুটতে শুরু করে। এসময় স্কুল হলের সামনে থাকা পরীক্ষার্থী নিঝুমকে পেছন থেকে শিং দিয়ে সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।