যশোরের শার্শা উপজেলার একটি কবরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গোগা ইউনিয়নের গোগা (বাগানপাড়া) এলাকার একটি কবরের মধ্যে এই বোমাগুলো পাওয়া যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই বোমাগুলো মজুত করে থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহলের ধারণা।
দুপুর দুইটার দিকে মোজাম্মেল হক নামে এক ব্যক্তি তাঁর পিতার কবর জিয়ারত করতে গেলে কবরের ভেতরে দুটি বালতিতে লাল ও কালো কসটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তিনি দ্রুত শার্শা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ছয়টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা বোমাগুলো রেখে গেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মো: সোহাগ হোসেন/রাজধানী