নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
স্থানীয় বাসিন্দারা মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মাণাধীন বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে কালো বোরকা পরিহিত ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন অংশ পচে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অন্তত ৭-৮ দিন আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, সিআইডি ও পিবিআই-এর বিশেষ টিম পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করছে। তবে চামড়া পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট মেলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।