নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাইড বই ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর এলাকার একটি ভবনে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪ হাজার কপি বই এবং ছাপার যন্ত্রসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কাঁচপুর বেহাকৈর এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চক্র সরকারি অনুমোদন ছাড়াই নামি-দামি প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছাপিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির বই এবং আধুনিক ছাপার মেশিন জব্দ করা হয়। এই অবৈধ ব্যবসার কারণে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
অভিযান চলাকালে ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সজীব/রাজধানী